আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত: রাজশাহীর ডিসি 

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেছেন আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। আমি নিয়মের বাইরে কিছু করতে চাইনা। রবিবার(৫এপ্রিল) দুপুরে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা। সভায় জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং প্রশাসন-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

এ সময় জেলা প্রশাসক বলেন, রাজশাহী একটি অপার সম্ভাবনাময় জেলা। জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখেন, তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের শক্তি জোগাবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।

সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা এবং গণসেবার মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত