রাজবাড়ীতে রিকশা করে যাওয়ার সময় চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল ঝরনা নামে এক বৃদ্ধার নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী পৌর শহরের পান্নাচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা মোজাম্মেল (৬৫) বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা।
নিহতের জামাতা কাজী হুমায়ুন কবির বলেন, সকালে একটি পারিবারিক কাজে তার শাশুরিসহ কয়েকজন রাজবাড়ী আদালতে যান। সেখান থেকে সকাল সাড়ে ৯টার দিকে নাস্তা খেতে রিকশা করে তার শাশুড়ি শহরের একটি হোটেলে যাচ্ছিলেন। পথে পান্নাচত্ত্বর এলাকায় রিকশার চাকার সঙ্গে তার পরিহিত ওড়না পেঁচিয়ে গলার মারাত্মক আঘাত পান। পরে দ্রুত উদ্ধার করে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. বেলায়েত হোসেন জানান, সকাল পৌনে ১০টার দিকে এক নারীকে হাসপাতালে আনা হয়। তবে তিনি হাসপাতালে আনার আগেই মারা যান।
