দেশে জাটকা সংরক্ষণ নিশ্চিত করা গেলে ইলিশ উৎপাদন ২০ লাখ মেট্রিক টনে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদীর তীরে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৮০ সালের আগে দেশে প্রচুর ইলিশ উৎপাদন হলেও পরবর্তীতে তা কমে যায়। তবে বর্তমান সরকারের ধারাবাহিক উদ্যোগের ফলে এখন বছরে ৫ লাখ মেট্রিক টনের বেশি ইলিশ উৎপাদন হচ্ছে। জাটকা নিধন বন্ধ করা গেলে ভবিষ্যতে এই উৎপাদন ২০ লাখ মেট্রিক টনে পৌঁছানো সম্ভব।
তিনি আরও জানান, জেলেদের সহায়তায় সরকার চালের পাশাপাশি তেলসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৬ হাজার টাকা। এই সহায়তা জেলেদের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অনুরাধা ভদ্র, কোস্টগার্ডের রিজিওনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক সলিম উল্লাহ সেলিম।
বক্তারা বলেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ। তাই জাটকা সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে জেলেদের মাঝে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয় এবং সংরক্ষণ কার্যক্রম জোরদারে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন আরও বাড়বে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জাজ 