'সুষ্ঠু নির্বাচন' আয়োজন করে তামিম নিজেও অংশ নেবেন

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম

পাজামা-পাঞ্জাবি পরে পরিচালক পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মাসছয়েক আগে ফিরে গিয়েছিলেন তামিম ইকবাল, নিভাঁজ কালো ব্লেজার গায়ে মঙ্গলবার আসলেন বিসিবি'র নতুন সভাপতি হয়ে। নতুন দায়িত্ব পেয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে তামিম জানালেন, তার প্রথম কাজ বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ফেরানো।

‎শেরে বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে খেলোয়াড় হিসেবে অনেকবারই মাইক্রোফোনের সামনে এসেছেন তামিম। সভাপতি হিসেবে এলেন প্রথমবারের মত। যে চেয়ারে তিনি বসেছেন, গত ১১ মাসে এই পদে বদল এসেছে ৩ বার! তামিমের মেয়াদ এখন পর্যন্ত মাসতিনেক, নির্বাচন দেয়াটাই অ্যাডহক কমিটির প্রধান কাজ। তামিম জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটের মর্যাদা গত কিছুদিনে যতখানি ক্ষুণ্ণ হয়েছে, সেই ক্ষতিটা মেরামত করতে চান, 'ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি ঠিক করা, গত এক দেড় বছরে ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি যে পরিমাণ ক্ষুণ্ণ হয়েছে, এই ভাবমূর্তি ঠিক করাটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করার। আমরা এটা যতটা সততার সঙ্গে করতে পারি আর দ্রুততার সঙ্গে করতে পারি, এই জিনিষটাই করব। এর বাইরে দৈনন্দিন কর্মকান্ডের ভেতর যা যা আছে, বিশ্বকাপ (না খেলা) ইস্যু আছে, সবকিছু  নিয়েই আমাদের যে সঠিক কাজটা করা দরকার আমরা তাই করব।'

‎'অবশ্যই আমরা নির্বাচন করব। এখানে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে আমি (নির্বাচন) করতে পারি। বাবু ভাইয়ের ইচ্ছা থাকতে পারে, উনি করতে পারে। উনার (তানজিলকে দেখিয়ে) ইচ্ছা না-ও থাকতে পারে। যখন একটা সুষ্ঠু নির্বাচন কবে, খালি আমরা না, আমি সবাইকে অনুরোধ করব সবাই যেন অংশ নেয়। বোর্ডের নির্বাচন হবে, যারা আছেন, বোর্ডের ক্রিকেটার, সংগঠক সবাই অংশ নিতে পারবেন' বলেন তামিম।

‎তামিম জানিয়েছেন, এখন থেকে বিসিবি'র পরিচালকরা কেউ গণমাধ্যমে নিজস্ব কোন মতামত দেবেন না, বোর্ডের পক্ষ থেকে তানজিল চৌধুরি সময়ে সময়ে সব জানাবেন, 'কিছু কিছু সিদ্ধান্ত আজকে আমরা নিয়েছি বোর্ডের বৈঠকে। আপনারা একজন পেলে একটা প্রশ্ন করেন, আরেকজনকে পেলে  একটা প্রশ্ন করেন, এতে আমাদের একতা বিনষ্ট হয়। ক্রিকেট বোর্ড সংক্রান্ত কোন সিদ্ধান্ত যদি আমরা নিয়ে থাকি তাহলে আমাদের পক্ষ থেকে সেটা তানজিল ভাই জানিয়ে দেবেন।' তামিম আরো জানান, ' আমাদের সমালোচনা থাকবে, আমরা ভাল কাজ করব করবনা এসব নিয়ে সমালোচনা থাকবে, সবই থাকবে তবে আমরা কেউই চাই না ক্রিকেটটা এখন যে জায়গায় নেমেছে সে জায়গায় থাক।'

তানজিল চৌধুরি সাংবাদিকদের জানিয়েছেন, ' আপনারা জেনেছেন কালকে আমাদের দ্বিতীয় সভা হবে। আজকের যে সিদ্ধান্তগুলো নিয়েছি সে গুলো আপনাদের জানাচ্ছি। প্রথমে আমাদের মধ্যে একটা সৌজন্য সাক্ষাত হয়েছে। এরপর আমাদের ব্যাঙ্ক হিসাবগুলোয় যে চেক সই করার ক্ষমতা যে সব পদের আছে, তাদের দুটো ভাগ একটা হচ্ছে বোর্ড প্রশাসন থেকে দুইজন আর বোর্ড থেকে দুইজন। আমরা সিদ্ধান্ত নিয়েছে বিসিবি থেকে প্রধান নির্বাহি ও হিসাব বিভাগের প্রধান ও বোর্ডের তরফ থেকে সভাপতি ও ফাইন্যান্স কমিটির প্রধান সই করার ক্ষমতাপ্রাপ্ত হবেন। আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, আইসিসি ও এসিসিতে আমাদের প্রতিনিধি হিসেবে সভাপতিকেই মনোনীত করা হয়েছে, আর আমরা যেহেতু অ্যাডহক কমিটি তাই আইসিসি থেকেই বলা হয়েছে এক্স-অফিসিও হিসেবে প্রধান নির্বাহি থাকলে ভাল হয়, আমরা সেটা করেছি। আরো কিছু ব্যপার আগামী সভায় সিদ্ধান্ত হবে, আগামী সভা কালকে (আজ) ৬টায় এখানে (বিসিবি) হবে'।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত