নাটোরের সিংড়ার চলনবিল এলাকার তিসিখালি হযরত ঘাসি দেওয়ান (রহ:) এর মাজারের দানবাক্স ভেঙে প্রায় দুই লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে এ চুরির ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা।
এ সময় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল এবং মাজারে স্থাপিত সিসিটিভি ক্যামেরাও অকার্যকর ছিল বলে জানা গেছে। মাজারের তিনটি দানবাক্স ভেঙে ভেতরে থাকা প্রায় দুই লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর সিংড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার হিজলী গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে জয় (১৯), সোহরাব আলীর ছেলে বিপ্লব খান (২০) এবং শাহিনের ছেলে শামিম (২০)।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
