লেবাননে ইসরায়েলি বিমানবাহিনীর নতুন দফার হামলায় কয়েক শ মানুষ হতাহত হয়েছেন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ বিভিন্ন এলাকায় শতাধিক বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে অনেক হামলা এমন সব এলাকায় চালানো হয়েছে, যেসব এলাকাকে প্রথাগতভাবে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট নয়।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আলজাজিরাকে বলেন, বৈরুত ও অন্যান্য এলাকায় (ইসরাইলি) বিমান হামলার ফলে হাসপাতালগুলোতে শহীদ ও আহতদের ভিড়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।
লেবানন রেড ক্রস জানিয়েছে, তাদের ১০০টি অ্যাম্বুলেন্স বর্তমানে হামলার শিকার এলাকাগুলো থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার কাজ করছে।
ইসরায়েলি হামলায় কয়েক শ মানুষ হতাহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, এই হামলা ‘সব ধরনের মানবিক মূল্যবোধ’ অবজ্ঞার ক্ষেত্রে ইসরায়েলের ‘কালিমালিপ্ত রেকর্ডে’ নতুন মাত্রা যোগ করেছে।
এক বিবৃতিতে আউন বলেন, এই বর্বর আগ্রাসন কোনো অধিকার মানে না এবং কোনো চুক্তি বা অঙ্গীকারের তোয়াক্কা করে না। দেশটি (ইসরায়েল) বারবার প্রমাণ করেছে, আন্তর্জাতিক আইন ও রীতির প্রতি তাদের চরম অবজ্ঞা রয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি মেনে ইরানে হামলা থামালেও লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি কেবল ইরানের ক্ষেত্রে প্রযোজ্য; লেবানন বা হিজবুল্লাহ এর আওতায় পড়বে না।
