প্রায় তিন মাস ধরে এবি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে কাজ করছেন চিত্রনায়িকা তমা মির্জা। চাকরির খবরটি এতদিন চাপা রাখলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই বিষয়টি জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে চলচ্চিত্রপাড়া ও সোশ্যাল মিডিয়ায় জন্ম দিয়েছে নতুন আলোচনা। অনেকেই নায়িকাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু আলোচনার পাশাপাশি সমালোচনাও হচ্ছে বেশ। সেইসঙ্গে উঠেছে বেশ কয়েকটি প্রশ্ন।
কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এরকম একটি গুরুত্বপূর্ণ পদে সরাসরি নিয়োগ হওয়া নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন অনেক ব্যাংক কর্মকর্তাও। ব্যাংকিং খাতে সংশ্লিষ্ট পদের প্রয়োজনীয় অভিজ্ঞতা ও নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা সামনে আসছে আরও বড় প্রশ্ন- কার ইশারায়, কার প্রভাবে এ নিয়োগ? নিয়মনীতি ও ব্যাংকের নিজস্ব নিয়োগ কাঠামো যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। ফলে তমা মির্জার যোগ্যতার চেয়ে এখন বেশি আলোচনায় উঠে আসছে এবি ব্যাংকের নিয়োগ সিদ্ধান্তের নেপথ্যের প্রভাবশালী মহল। প্রশ্ন উঠছে পর্যবেক্ষকদের দায়িত্ব নিয়ে। কোন পথে তারা?
তমা মির্জা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। অভিনয়েও তার দীর্ঘ ১৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু ব্যাংকিং খাতে তার পূর্ব অভিজ্ঞতা ছিল কি না, থাকলে কত বছরের এ নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও এবি ব্যাংকের পর্যবেক্ষক আরিফ হোসেন খান বিস্ময় প্রকাশ করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তমা মির্জাকে কোন যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে, তা তার জানা নেই। বিষয়টি ব্যাংকের কাছে জানতে চাওয়া হবে। তিনি বলেন, ব্যাংকের প্রতিটি পদের জন্য নির্দিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে কী বিবেচনা করা হয়েছে, তা যাচাই করা হবে। সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের আরেক কর্মকর্তার ভাষ্য, বেসরকারি ব্যাংকের এভিপি পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সাধারণত আট থেকে ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। ফলে তমা মির্জার ক্ষেত্রে কোন যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনা করা হয়েছে, সেটিই এখন আলোচনার মূল বিষয়।
আরও একটি প্রশ্ন সামনে এসেছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে । বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, বেসরকারি ব্যাংকের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নিয়োগ বোর্ডকে অবহিত করার নিয়ম রয়েছে। কিন্তু তমা মির্জার নিয়োগের তথ্য বোর্ডকে জানানো হয়নি। বিষয়টি পরবর্তী বোর্ড সভায় তোলা হতে পারে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা। এতে নিয়োগটি ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী হয়েছে কি না, সে প্রশ্নও সামনে এসেছে। তমা মির্জার নিয়োগের পাশাপাশি আলোচনায় এসেছে এবি ব্যাংকের আর্থিক পরিস্থিতিও। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৬ সালের মার্চ শেষে এবি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৫০৭ কোটি টাকা, যা ব্যাংকটির মোট ঋণের প্রায় ৫৪ শতাংশ। অর্থাৎ ব্যাংকটির বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের মধ্যে প্রায় ৫৪ টাকাই খেলাপি ঋণে পরিণত হয়েছে।
২০২৫ সালে ব্যাংকটির নিট লোকসান ছিল প্রায় ৩ হাজার ৮৮৯ কোটি টাকা। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক ২১ টাকা ৬২ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ঋণাত্মক ৫৭ টাকা ৮৫ পয়সায়। এ ছাড়া ২০২৫ সালের হিসেবে বিনিয়োগের বিপরীতে ব্যাংকটির প্রভিশন ঘাটতি ছিল প্রায় ৫৬৬ কোটি ৫১ লাখ টাকা।
এবি ব্যাংকের আর্থিক অবস্থার এমন পরিস্থিতিতে ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের নতুন এভিপি পদে নিয়োগের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যাংকটির কয়েকজন নির্বাহী। তাদের ভাষ্য, ব্যাংকটির বর্তমান আর্থিক বাস্তবতায় ব্যয় কমানো যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে নতুন করে উচ্চপদে নিয়োগের প্রয়োজনীয়তা এবং এর সাংগঠনিক ও ব্যবসায়িক যুক্তি স্পষ্ট হওয়া দরকার। এর মধ্যে ব্যাংকের একজন কর্মকর্তা তমা মির্জার নিয়োগ রাজনৈতিক সুপারিশে হয়েছে বলে দাবি করেছেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব নয়।
অভিনেত্রী তমা মির্জার নিয়োগের বিষয়ে এবি ব্যাংকের সদ্য দায়িত্ব নেয়া ব্যবস্থাপনা পরিচালক আরিফ বিল্লাহ আদিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। তমা মির্জার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তিনিও এ বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনো বক্তব্য দেননি। ফলে এখন পর্যন্ত তার নিয়োগের যোগ্যতা, অভিজ্ঞতা এবং নিয়োগপ্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকেই আসার অপেক্ষায় রয়েছে। একজন পরিচিত অভিনয়শিল্পীর ব্যাংকে চাকরিতে যোগ দেয়া নিজে কোনো অস্বাভাবিক ঘটনা নয়। তার আইন বিষয়ে শিক্ষাগত যোগ্যতা এবং দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা রয়েছে। কোনো প্রতিষ্ঠান চাইলে নিজস্ব প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দিতেই পারে। কিন্তু প্রশ্ন উঠছে যখন নিয়োগটি ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা পদে এভিপি হিসেবে। বিশেষ করে ব্যাংকিং খাতে পূর্ব অভিজ্ঞতা, পদের নির্ধারিত যোগ্যতা এবং নিয়োগের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করার বিষয়গুলো সামনে আসায় নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে স্বচ্ছ ব্যাখ্যার প্রয়োজন তৈরি হয়েছে।
হাজারও চাকরিপ্রার্থী যেখানে বছরের পর বছর অভিজ্ঞতা অর্জন করে ধাপে ধাপে ব্যাংকের ব্যবস্থাপনা পদে ওঠার চেষ্টা করেন, সেখানে একজন তারকার সরাসরি এভিপি পদে নিয়োগ স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করেছে। ফলে আলোচনার কেন্দ্রে এখন শুধু তমা মির্জা নন; বরং এবি ব্যাংকের নিয়োগনীতি, পদটির যোগ্যতার মানদণ্ড এবং পুরো নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতাই বড় প্রশ্ন।
ভোলায় ৩০ হাজার ৪শ বিদেশি সিগারেট জব্দ
এশিয়া কাপে সেমিফাইনালের গেরো ছিঁড়তে চান জ্যোতিরা
হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি
ছক্কা মেরে ফিফটি, হ্যাটট্রিক জয় আনলেন শামীম
ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, জরিমানা
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের মধ্যে ৭০০ গাছের চারা বিতরণ