শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও বিশিষ্ট চিত্রশিল্পী তরুণ ঘোষ (৭৩) আর নেই। গত বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ১৯৫৩ সালের ২০ আগস্ট রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন তরুণ ঘোষ। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে ভারতের বরোদার এম এস বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মানুষের মনস্তাত্ত্বিক দিক ও এর পৌরাণিক প্রকাশ প্রাধান্য পেয়েছে তার আঁকায়। মুখকে শিল্পরূপ দেওয়ার প্রবণতা থেকে তার ক্যানভাসে, বেহুলায় বেশি উঠে এসেছে মুখের ছবি।

তরুণ ঘোষ চিত্রশিল্পী হিসেবে যেমন স্বনামধন্য, তেমনি তার পরিচিতি রয়েছে শিল্প নির্দেশক হিসেবেও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শিক্ষকদের একজন তিনি। আবু সাইয়ীদ পরিচালিত ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রের শিল্প নির্দেশনার জন্য তরুণ ঘোষ পান শ্রেষ্ঠ শিল্প নির্দেশকের রাষ্ট্রীয় সম্মান। তিনি শিল্প নির্দেশনা দিয়েছেন তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ চলচ্চিত্রেও। দর্শনগত দিক থেকে তরুণ ঘোষ লৌকিক পুরাণঘেঁষা শিল্পী। মূলত মানুষই তার শিল্পের উপজীব্য। ধারাবাহিক চিত্র ‘বেহুলা’কে তার শ্রেষ্ঠ কাজগুলোর একটি হিসেবে গণ্য। এ ছাড়া ‘১৯৭১’ ধারাচিত্র সৃষ্টি করেছেন; যা বোদ্ধামহলে প্রশংসিত হয়েছে। ১৯৮৯ সালে অনুষ্ঠিত প্রথম মঙ্গল শোভাযাত্রায় জাতীয় প্রতীক বাঘের পোস্টারটি শিল্পী তরুণ ঘোষের আঁকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত