রুবেল-সাব্বিরে আবারও জয় এইচপির

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৩ এএম

রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিং ও সাব্বির রহমানের বিধ্বংসী ব্যাটিংয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে বাংলাদেশ এইচপি দল। প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেনস একাডেমিকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি।

ডারউইনের মারারা ওভালে টসে হেরে আগে ব্যাট করতে নেমে এইচপির বোলিং তোপের মুখে পড়ে হোবার্ট হারিকেনস একাডেমি। শুরুর ওভারেই ওপেনার জেক ডোরানকে (৬) ফেরান আবু হায়দার রনি। এরপর রুবেলের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে একের পর এক উইকেট হারাতে থাকে প্রতিপক্ষ। চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি। হোবার্টের পক্ষে টিগ উইলি সর্বোচ্চ ৭৮ রানে অপরাজিত থাকেন। ব্র্যাডলি হোপ ২২ ও জাক কার্টেনের ২৩ রানের ছোট ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রাহ করে হোবার্ট। এইচপির হয়ে রিপন ম-ল ২টি এবং আবু হায়দার ও আব্দুল গফফার সাকলাইন ১টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে বাংলাদেশ শুরুতেই হারিয়ে ফেলে হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলামকে। সুবিধা করতে পারেননি জিসান আলম ও অধিনায়ক ইরফান শুক্কুরও। তবে সাব্বির রহমান ৪ নম্বরে ক্রিজে নেমে হাল ধরেন দলের। হোবার্টের বোলারদের আত্মবিশ্বাস নষ্ট করে একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে নাভিশ্বাস তোলেন প্রতিপক্ষের। ৩৬ বলে পূর্ণ করেন অর্ধশতক। অর্ধশতকের পথে হাঁকান পাঁচটি চার ও দুটি ছক্কা। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫৯ রান করে থামতে হয় সাব্বিরকে। বিদায় নেওয়ার আগে হাঁকান আরও একটি চার।

সাব্বির ৫৯ রানে আউট হওয়ার পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে এইচপি। তবে শেষ দিকে আব্দুল গফফার সাকলাইনের ১৩ বলে ১৯* রানের অপরাজিত ক্যামিও ও আবু হায়দারের ৫ বলে ৮* রানের কার্যকরী ইনিংসে ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দল।

সংক্ষিপ্ত স্কোর

হোবার্ট হারিকেনস একাডেমি : ২০ ওভারে ১৫৩/৭ (টিগ উইলি ৭৮*, ব্র্যাডলি হোপ ২২; মো. রুবেল ৩/২৫, রিপন ম-ল ২/৩৪)

বাংলাদেশ এইচপি দল : ১৯.৪ ওভারে ১৫৫/৭ (সাব্বির রহমান ৫৯, গাফফার সাকলায়েন ১৯*; রাফ ম্যাকমিলান ২/২১, কেলান ম্যলেডে ২/৩৬)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত