মো. ওবায়দুল হক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি এনআরবিসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারের অধিকারী ওবায়দুল হক ১৯৬৩ সালের ২৩ অক্টোবর ভোলা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে অনার্সসহ বাণিজ্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি ১৯৯১ সালে ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ থেকে ডিএআইবিবি (ব্যাংকিং ডিপ্লোমা) ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময়ে সেখানে পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
