ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে বিআরটিসি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার(১০এপ্রিল) সকালে উপজেলার শিংপাড়ায় এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ মনির হোসেন।
ওসি জানান, সকালে বিআরটিসি বাসটি পঞ্চগড় থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।অপরদিকে টাইলস বোঝাই একটি পিকআপ ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। পথে সালন্দর শিংপাড়ায় পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পিকআপে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি টাইলস কোম্পানির কর্মচারি বলে জানা গেলেও তার নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া এ ঘটনায় বিআরটিসি বাসের হেলপার ও পিকআপের চালক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফর্ড করা হয়েছে।
