‘চক্র ২’ ঘিরে দর্শকের উন্মাদনা, তৌসিফের বাজিমাত

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম

ময়মনসিংহের কাশর এলাকায় প্রায় ঊনিশ বছর আগে একই পরিবারের ৯ জনের ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যার মর্মান্তিক ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ ‘চক্র’ দুই বছর আগে মুক্তির পর থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।

সেই ধারাবাহিকতায় এবার নির্মিত হয় ‘চক্র ২’। সম্প্রতি সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

দর্শকদের মতে, এটি এখন কেবল একটি ওয়েব সিরিজ নয়, বরং আধুনিক মনস্তত্ত্ব ও ডার্ক ফ্যান্টাসির এক অনন্য মিশ্রণ—যা বর্তমানে ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। 

মুক্তির মাত্র সাত দিনের মধ্যেই দ্বিতীয় সিজনটি দ্বিগুণ আয় অর্জন করেছে বলে জানা গেছে। একই সঙ্গে রেকর্ড পরিমাণ সাবস্ক্রিপশন ও ভিউয়ের দিক থেকেও এটি প্ল্যাটফর্মটির সবচেয়ে সফল সিরিজগুলোর একটি হয়ে উঠেছে।

বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হওয়ায় দর্শকদের মনে সবসময়ই প্রশ্ন জাগে—কতটা বাস্তব, আর কতটা কল্পনা। এই ধোঁয়াশাকেই অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন নির্মাতা ও চিত্রনাট্যকার।

সিরিজটিতে ‘প্রফেসর ড. হুমায়ূন’ চরিত্রে তৌসিফ মাহবুবের অভিনয় বিশেষভাবে আলোচিত হচ্ছে। চরিত্রটির লুক, মানসিক ভাঙন ও ট্রান্সফরমেশন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই চরিত্রকে ঘিরে তৈরি হচ্ছে মিম, কার্টুন ও নানা রসিক কনটেন্ট, যা সিরিজটির জনপ্রিয়তা আরও বাড়িয়েছে।

‘চক্র ২’ কেবল অলৌকিক ভয়ের গল্প নয়, বরং মানুষের অপরাধবোধ, ট্রমা এবং মানসিক জটিলতার গভীর বিশ্লেষণ তুলে ধরেছে। এখানে ভৌতিক উপাদানের চেয়েও ‘কর্মফল’ ও মানবিক আবেগ বেশি প্রভাব বিস্তার করেছে।

সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব বলেন, এটি এমন একটি কাজ যা আট থেকে আশি—সব বয়সী দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করতে সক্ষম হয়েছে।  

তার মতে, চরিত্র ও ঘটনার বাস্তবধর্মী উপস্থাপনই দর্শকদের বেশি আকর্ষণ করছে। দর্শকরা কাজটিকে পছন্দ করছেন, ভালোবাসা জানাচ্ছেন, এরজন্য তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। 

ভিকি জাহেদ পরিচালিত ৮ পর্বের ‘চক্র ২’-এ তৌসিফ মাহবুব ছাড়া আরো অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, মৌসুমী মৌ, মেঘলা মুক্তা, শাহেদ আলী, নাদের খান, আরেফিন জিলানি, শাওন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত