ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।
মৃত শিশুটির নাম আব্দুল্লাহ (৩)। সে ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকার বাসিন্দা মো. রনি ও আরিফা আক্তার দম্পতির সন্তান। হামের উপসর্গ নিয়ে গত ২ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, হামের পাশাপাশি সে অন্যান্য শারীরিক জটিলতায়ও ভুগছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হামে আক্রান্ত ৭২ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৪৪ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ১০ শিশুর মৃত্যু হয়েছে।
মমেক হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশি বা সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতাও দেখা দিচ্ছে।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় একটি বিশেষ ইউনিট চালু করা হয়েছে। চিকিৎসকরা হামের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
লেবাননে যুদ্ধবিরতি ছাড়া আলোচনা সম্ভব নয়: গালিবাফ