গাড়ির ড্যাশবোর্ড থেকেই পাবেন গুগল মিট

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০১:১২ এএম

অ্যাপল কারপ্লে-সমর্থিত গাড়ির ড্যাশবোর্ডে ব্যবহার করা যাবে গুগল মিট। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময়ও পেশাগত কারণে ফোনকল করতে হয় অনেকের। আর তাই এবার গাড়ির ড্যাশবোর্ড থেকেই সরাসরি অডিও কল করার সুযোগ দিতে গুগল মিটের নতুন আইওএস সংস্করণ চালু করেছে গুগল। সংস্করণটি অ্যাপল কারপ্লে-সমর্থিত গাড়ির ড্যাশবোর্ডে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক ব্লগবার্তায় গুগল জানিয়েছে, নতুন সংস্করণটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি তাদের গাড়ির ড্যাশবোর্ড থেকে গুগল মিট ব্যবহার করতে পারবেন। ফলে আইফোনকে কারপ্লে-সমর্থিত গাড়ির সঙ্গে সংযুক্ত করলে যাতায়াতের সময় অনলাইন বৈঠকে যুক্ত থাকতে পারবেন ব্যবহারকারীরা। গুগল মিটের ড্যাশবোর্ডে আসন্ন বৈঠকের তালিকা দেখা যাবে। ফলে এক ট্যাপেই নির্ধারিত বৈঠকে যোগ দেওয়া যাবে। চালকের মনোযোগ ধরে রাখতে শুধু অডিওনির্ভর অংশগ্রহণের সুযোগ মিলবে।

গুগলের তথ্যমতে, নিরাপত্তার কারণে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা এই সংস্করণে রাখা হয়নি। ব্যবহারকারীরা নতুন করে কোনো মিটিংয়ে যোগ দেওয়ার আহ্বান জানাতে পারবেন না। আয়োজক হলেও অংশগ্রহণকারীদের অনুমোদন বা বাতিল করার সুযোগ থাকবে না। এ ছাড়া ‘হ্যান্ড রেইজ’, প্রশ্নোত্তর ও পোলের মতো ইন্টারঅ্যাকটিভ সুবিধাগুলোও এই সংস্করণে রাখা হয়নি।

অ্যান্ড্রয়েড অটোতেও গুগল মিট চালুর প্রস্তুতি নিচ্ছে গুগল। তবে এটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। যেসব ব্যবহারকারীর মোবাইলে গুগল মিট অ্যাপটি ইনস্টল করা আছে, তাদের সবার জন্যই এটি কার্যকর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত