পানির আয়রন থেকে বাথরুমের লোহার তৈরি জিনিসে মরিচা পড়ে। মরিচার কারণে শাওয়ারের ফুটো বন্ধ হয়ে পানির গতিও কমে যেতে পারে। বাড়ির বাথরুম নিয়মিত পরিষ্কার করলেও লোহার তৈরি কোনো জিনিস সমস্যায় ফেলতে পারে। তার মধ্যে অন্যতম শাওয়ার। শাওয়ারের যে অংশ দিয়ে পানি বেরিয়ে আসে, সেই ছিদ্রগুলো পানির আয়রন এবং মরিচার কারণে বন্ধ হয়ে যায়। ফলে নির্দিষ্ট সময়ান্তে শাওয়ার দিয়ে নির্গত পানির গতিও কমে আসে। মিস্ত্রি না ডেকেও কিন্তু বাড়িতে সহজেই শাওয়ার পরিষ্কার করা যায়।
পরিষ্কারের উপায়
ভিনিগার : সাদা ভিনিগারের মধ্যে অ্যাসিড থাকে, যা মরিচার দাগ পরিষ্কার করতে সাহায্য করে। প্রথমে একটি পাত্রে ভিনিগার নিন। শাওয়ারের মাথার অংশ খুলে নিয়ে তার মধ্যে ১ ঘণ্টা চুবিয়ে রাখুন। তারপর কলের পানিতে ধুয়ে লাগিয়ে নিন।
বেকিং সোডা : বাড়িতে পানি এবং বেকিং সোডার একটি ঘন মিশ্রণ তৈরি করুন। প্রথমে শাওয়ারের মুখটিতে ভালো করে মিশ্রণটি মাখিয়ে দিন। ১ ঘণ্টা পর একটি ব্রাশ দিয়ে মরিচা ধরা অংশগুলো ঘষে নিতে হবে। তারপর পানি দিয়ে ধুয়ে নিন।
লবণ এবং লেবু : সবার বাড়িতেই লবণ এবং লেবু সহজেই পাওয়া য়ায়। প্রথমে শাওয়ারের মাথায় লেবুর রস মাখিয়ে দিন। তার ৩০ মিনিট পর লবণ দিয়ে একটি ব্রাশের সাহায্যে মরিচাগুলো ঘষে নিন। সব শেষে পানি দিয়ে শাওয়ারের মুখ ধুয়ে নিন।