মুক্তিযোদ্ধার ওপর ছাত্রলীগ নেতার হামলার প্রতিবাদ সংবাদ সম্মেলন

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈমের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলার মুক্তিযোদ্ধারা। শনিবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ভবেরচর বাজার বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু বলেন, পূর্ব শক্রতার জেরে হত্যার উদ্দেশ্যে একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হলো তা ন্যাক্কারজনক। এঘটনায় মূল আসামি এখনও গ্রেপ্তার হয়নি। আমরা চাই তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক,তা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

যুগ্ম আহ্বায়ক মাহাবুল আলম খাঁন বলেন, ছাত্রলীগ ক্যাডারদের হামলায় একজন বীর মুক্তিযোদ্ধা জীবন মৃত্যুর মুখোমুখি অথচ এখনো তাদের গ্রেপ্তার করতে না পারা হতাশাজনক। আমরা প্রশাসনের ওপর আস্থা রাখতে চাই,দ্রুত তাদের গ্রেপ্তার দেখতে চাই।

সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু,সদস্য সচিব আব্দুল কাদের,যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মিন্টু,মাহাবুল আলম খাঁন,আ. সাত্তার ঢালী, আ.গাফফার প্রমুখ।

৩১ মার্চ দুপুরে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পূর্ব শক্রতার জেরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সহ সম্পাদক ও দনিয়া কলেজ শাখা  সহ সভাপতি কাউসার আহমেদ তুহিনের নেতৃত্বে ১২ জনের একটি দল বীর মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈমকে একা পেয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত