গাইবান্ধা সাঁওতালদের সমাবেশে হামলা আহত ৫

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১১:৪০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

হামলায় পাঁচজন সাঁওতাল নেতা আহত হয়েছেন। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তিন সাঁওতাল হত্যার বিচার এবং জমি ফেরতের দাবিতে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এই সমাবেশের আয়োজন করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে তিন সাঁওতাল হত্যার বিচার এবং সদ্য পাস হওয়া ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা আইন ২০২৬ অনুযায়ী বাপ-দাদার জমি ফেরতের দাবিতে সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে এক বিক্ষোভ সমাবেশ শুরু হয়। আধাঘণ্টা সমাবেশ চলার পর দুপুর ১টার দিকে কতিপয় দুর্বৃত্ত লাঠি নিয়ে সমাবেশে হামলা চালায়।

হামলায় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক বিটিশ সরেন, সদস্য শিউলী মার্ডি, লুকাস মুরমু এবং রিপন বেশরা আহত হন।

এদিকে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে। ২০১৬ সালের ৬ নভেম্বর তিন সাঁওতালকে হত্যার বিচার এবং সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার জমি প্রকৃত মালিকদের ফেরত দেওয়ার দাবি জানান। তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত  নিয়মিত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

এসব বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার মুঠোফোনে বলেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই ঘটনা ঘটে। এই ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাইনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত