দেশের বিভিন্ন স্থান থেকে আসা তরুণদের নিয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও প্রথম আলোর যৌথ আয়োজনে ‘ইয়ুথ কনক্লেভ ’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘরে সম্মেলনে ছয়টি যুব-নেতৃত্বাধীন সংগঠনকে ইউথ ইকুয়ালিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়।
সোমবার ( ১৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনব্যাপী এই কনক্লেভে যুব নেতাবৃন্দ, নীতিনির্ধারক ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্যে আলোচনারা মনে করেন যে দেশের যেকোনো সংকটে তরুণেরা সব সময় সামনের সারিতে থাকলেও এখনও শাসনব্যবস্থা ও নীতিনির্ধারণী পর্যায়ে তাদের অংশগ্রহণ সীমিত। তরুণদের শুধু মাঠের শক্তি হিসেবে নয়, রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত নেওয়ার অর্থবহ অংশীদার হিসেবে যুক্ত করার এখনই সময়।
এসময় আয়োজকরা উল্লেখ করেন, ইউথ ইকুয়ালিটি অ্যাওয়ার্ড শুধুমাত্র একটি স্বীকৃতি নয়, বরং তরুণ-তরুণীদের হাতে দায়িত্ব ও সম্পদ অর্পণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।পুরস্কারপ্রাপ্ত সংগঠনগুলো এখন তাদের উদ্যোগ বাস্তবায়ন করবে ধারাবাহিক মেন্টরশিপ ও সহায়তার মাধ্যমে। পাশাপাশি, কনক্লেভে হওয়া আলোচনাগুলো ভবিষ্যৎ নীতি সংলাপ ও কর্মসূচি প্রণয়নে ব্যবহার করা হবে।
এছাড়া এই কনক্লেভে আলোচনায় স্পষ্ট হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর ব্যবস্থা গঠনে অর্থবহ যুব অংশগ্রহণ এখন আর ঐচ্ছিক নয়, বরং অত্যাবশ্যক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
