কুড়িগ্রামের রাজারহাটে অনুমোদনহীন ভেজাল কীটনাশক বিক্রেতার পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান এ জরিমানা করেন।
রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট রিসা বীজ ভান্ডার হতে উপজেলা কৃষি অফিসের অভিযানে অনুমোদনহীন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির বালাই নাশকসহ ৬শত ২৬ টি প্রোডাক্ট উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত কীটনাশক পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, লুমিনাস ওয়ার্ল্ড লি. কোম্পানির ৭৪টি প্রোডাক্ট বাজারে সরবরাহ করা হলেও সরকারি অনুমতি রয়েছে মাত্র ৮টি প্রোডাক্ট।
এসময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, ভেজাল সার বিক্রির অভিযোগ পাওয়া যায়, অভিযোগ পাওয়ার পরে আমরা সেখানে উপস্থিত হই। কৃষি অফিসারের মাধ্যমে সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা ও সতর্ক করা হয়েছে এবং কোম্পানির প্রতিনিধি রায়হান রাজুকে আগামী তিন কার্যদিবসের মধ্যে কোম্পানির কাগজপত্র প্রেরণের নির্দেশ প্রদান করেন।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ভেজাল ও অনুমোদনহীন প্রোডাক্ট ব্যবহারে ফসলের ক্ষতি হয়, আশানুরূপ উৎপাদন ব্যহত হয়, কখনো কখনো ফসল নষ্ট হয়ে যায়।
ব্যবসায়ী ওয়াহেদুর রহমান বাবু জানান, আমি রায়হান রাজু, শামসুজ্জামান বাবু, সাইদুল ইসলামের মাধ্যমে কোম্পানির এসকল পণ্য পেয়েছি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, রাজারহাট থানা পুলিশ সদস্যসহ অন্যান্যরা।
