চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় আশফাক কবির সাজিদ (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এই নির্মম হত্যাকাণ্ডে নগরবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১২ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে চকবাজার থানাধীন লাভলি ভিলা সংলগ্ন শিশু কবরস্থান এলাকায় একদল সন্ত্রাসী সাজিদকে তাড়া করে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাজিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী এলাকার আবুল হাসেম সিকদারের ছেলে। প্রথমে অজ্ঞাতনামা হিসেবে হাসপাতালে আনা হলেও পরে তার পরিচয় নিশ্চিত করা হয়।
পরিবার ও স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে সাজিদকে একটি কিশোর গ্যাং অপহরণ করেছিল। এরপর রোববার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ এ বিষয়ে এখনো বিস্তারিত নিশ্চিত করেনি।
