শেখ জামাল ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৫ আগস্ট পটপরিবর্তনের পর শেখ মুজিবুর রহমানের মেজ ছেলের নাম বাদ দিয়েছিল। এবার তারা নামই বদলে ফেলেছে! বসুন্ধরা স্ট্রাইকার্স নামেই এবারের মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলবে দলটি। লিগের দলবদলের তারিখ ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস এপ্রিলের ১৮ ও ১৯ তারিখ বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সিসিডিএম কার্যালয়ে হবে খেলোয়াড়দের দলবদল। সিসিডিএম জানিয়েছে, ১২টি ক্লাব অংশ নেবে প্রিমিয়ার লিগের আসন্ন আসরে।
আমিনুল ইসলাম বুলবুল যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ছিলেন, তখন সিসিডিএমের অধীনে কোনো রকম লিগেই অংশ নেয়নি ঢাকার ৪০টিরও বেশি ক্লাব। প্রিমিয়ার লিগ আয়োজনে বিলম্বেরও অন্যতম কারণ ছিল বেশিরভাগ ক্লাবের অংশগ্রহণে অনিচ্ছা। তবে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর সব দলই অংশগ্রহণে আগ্রহ দেখিয়েছে। সিসিডিএম জানিয়েছে, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস এই ১২টি ক্লাব অংশ নেবে ঢাকা লিগে। এবারের লিগ হবে সিঙ্গেল লিগপদ্ধতিতে, থাকছে না কোনো বিদেশি ক্রিকেটার।