চলতি হজ মৌসুমে চট্টগ্রাম থেকে বিশেষ হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল। ওই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৫ ফ্লাইটটি হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। ইতিমধ্যে হজযাত্রীদের জন্য সরাসরি ফ্লাইটের সিডিউল ঘোষণা করেছে বিমান কর্তৃপক্ষ। এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রাম থেকে প্রায় সাড়ে ছয় হাজার হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, ইতিমধ্যে ১৯ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ১৬টি হজ ফ্লাইটের শিডিউল ঘোষণা হয়েছে। এর মধ্যে ১২টি ফ্লাইট চট্টগ্রাম থেকে হজযাত্রী নিয়ে সরাসরি জেদ্দা বিমানবন্দরে এবং চারটি ফ্লাইট সরাসরি মদিনায় যাবে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম বিন খলিল দেশ রূপান্তরকে বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দেওয়া হজ ফ্লাইট শিডিউল ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। এ ব্যাপারে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট শিডিউল পর্যালোচনায় দেখা যায়, ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রথম ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা দেবে। এরপর ২২ এপ্রিল বিকেল ৫টা ১৫ মিনিটে, ২২ এপ্রিল বিকেল ৫টা ১৫ মিনিটে, ২৪ এপ্রিল দুপুর ১টা ২০ মিনিটে, ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, ১ মে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, ২ মে বিকেল ৫টা ১৫ মিনিটে, ৫ মে দুপুর ১টা ২০ মিনিটে, ৮ মে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, ১০ মে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, ১২ মে সন্ধ্যা ৭টায়, ১৩ মে বিকেল ৫ টা ৪৫ মিনিটে, ১৪ মে সন্ধ্যা ৭টায়, ১৫ মে সন্ধ্যা ৭টায়, ১৭ মে সন্ধ্যা ৭টায় ও ২০ মে বিকেল ২টায় ডেডিকেটেড হজ ফ্লাইট হজযাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
