মানসম্মত শিক্ষায় গুরুত্ব দিতে হবে : শিক্ষামন্ত্রী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০২:২৯ এএম

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোয়ালিটি এডুকেশন ফিরিয়ে আনতে হবে-এর কোনো বিকল্প নেই। দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে বিশেষভাবে জোর দিতে হবে। মঙ্গলবার(১৪এপ্রিল) বিকেলে বগুড়ার হোটেল মম ইন-এ জেলা প্রশাসনের আয়োজনে স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ অন্য অতিথিরা ।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের মূল অঙ্গীকারই হচ্ছে শিক্ষার মানোন্নয়ন। এ লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করে শিক্ষার্থীদের সময় নষ্ট কমানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, মাইক্রোফোন পেলেই শুধু দাবি-দাওয়া তোলা ঠিক নয়। সরকার শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে কাজ করছে। এখন শিক্ষকদের দায়িত্ব শিক্ষার মান বাড়ানো। শিক্ষামন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। 

সভায় বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে রাজনীতি থেকে দূরে থাকা প্রয়োজন। তিনি শিক্ষকদের মানোন্নয়নে নিয়মিত মূল্যায়ন পদ্ধতি চালু এবং জিপিএ পদ্ধতি পুনর্বিবেচনার কথাও উল্লেখ করেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত