ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ভর্তি ২৫ শিশু

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৫ জন শিশু ভর্তি হয়েছে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত সময়ে তাদের ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত মোট ৪৮২ জন শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৮১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১১ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে। 

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অল্পসংখ্যক শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত