সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এনএসইউতে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম

বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আজ মঙ্গলবার বৈশাখী মেলা ১৪৩৩ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ শুরু হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেম, বিশেষ অতিথি এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, বিশেষ অতিথি এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস দুলুমা আহমেদ, এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দীন আহমেদ, এবং এনএসইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান। 

এম এ কাশেম বলেন, “পহেলা বৈশাখ বাঙ্গালির অন্যতম বড় উৎসব। এই উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বৈশাখ আমাদের মধ্যে নতুন উদ্যোগ ও উদ্দীপনা নিয়ে আসে। পুরোনো বছরের সব গ্লানি, ব্যর্থতা ও হতাশা পেছনে ফেলে আমরা নতুন করে শুরু করার অনুপ্রেরণা পাই। এনএসইউর শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দিনটি উদযাপন করছে।”

বেনজীর আহমেদ বলেন, “এই দিনটি বাঙ্গালি জাতিসত্তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। পুরনো সব গ্লানিকে পেছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এনএসইউ প্রতিবছর খুবই জাকজমকের সাথে এই দিনটি পালন করে থাকে। নতুন বছর সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক— এই কামনায় সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই।’ 

অধ্যাপক আব্দুর রব খান বলেন, “নতুন বছর আমাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে, আমরা নতুন করে উজ্জীবীত হই। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নতুন বছরে তারা আরও উদ্যমী ও দায়িত্বশীল হয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।“

অধ্যাপক নেছার উদ্দীন আহমেদ সমাপনী বক্তব্যে বাংলা নববর্ষ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। নব চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে আমরা একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি। এনএসইউ সবসময়ই এই মূল্যবোধগুলো ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে, এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।” 

দিনব্যাপী বর্ষবরণের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস), এবং বৈশাখী মেলার আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। দিনজুড়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনে নাচ, গান, ফ্ল্যাশমবের পাশাপাশি পুতুলনাচ, বাউলগান ও বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। বৈশাখী মেলায় অংশ নেয় কয়েক হাজার শিক্ষার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত