রিহ্যাব নির্বাচনে  প্রার্থীদের এজেন্ট  রাখার দাবি

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২২ এএম

আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নির্বাচনে প্রার্থীদের এজেন্ট না রাখার গুঞ্জনে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। গতকাল বুধবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্রেসিডেন্ট প্রার্থী ও কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

আলী আফজাল বলেন, আমরা এমন কোনো নির্বাচন দেখিনি, যেখানে পোলিং এজেন্ট থাকে না। রিহ্যাবের এ নির্বাচনে পোলিং এজেন্ট না রাখার কথা শোনা যাচ্ছে। আশা করব, নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত থেকে সরে আসবে। তিনি বলেন অঙ্গীকার নয়, অঙ্গীকার বাস্তবায়নের রোডম্যাপও তুলে ধরছি। ২৫টি অঙ্গীকারের কথা জানিয়েছি। নির্বাচিত হলে প্রত্যেকটি বাস্তবায়ন করব।

তিনি আরও বলেন, ড্যাপ ব্যবসায়ীদের সর্বনাশ করেছে। ড্যাপের মাধ্যমে বৈষম্য করা হয়েছে। মিরপুর হলে উচ্চতা কম, আবার গুলশান-বনানী হলে উচ্চতা বেশি। এক শহর, এক নীতি হতে হবে। মতিঝিলে যদি ৪০ তলা করা যায়, তাহলে অন্য এলাকায় কেন করা যাবে না? আমরা দায়িত্ব পেলে পুরো ড্যাপ বিশ্লেষণ করে সরকারকে বোঝাব। ৬ মাসের মধ্যে এর একটা ফল আপনারা পাবেন।

ড. আলী আফজাল বলেন, ব্যাংক ঋণের সুদ ১৪/১৫ শতাংশ। এটাকে আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসব। আমরা ৯০ দিনের মধ্যে রিহ্যাব ভবন নির্মাণের কাজ শুরু করব। রিহ্যাব সেন্টার হবে। যেখানে পরিবার-পরিজনের জন্য বিনোদনসহ নানা সুবিধা থাকবে। তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করব। সততা ও দক্ষতার সমন্বয়ে রিহ্যাব গড়ে তুলব। প্রতিমাসে আয়-ব্যয়ের হিসাবসহ বুলেটিন প্রকাশ করব, যা সব সদস্যের হাতে পৌঁছে যাবে। রিহ্যাব সার্ভিস সেন্টার করব। একটি হটলাইন নম্বর থাকবে। এই সেন্টার ২৪ ঘণ্টা, ৩৬৫ দিন খোলা থাকবে। গভীর রাতেও কেউ সমস্যায় পড়লে সেখানে আমাদের লোক ছুটে যাবে।

আরও বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-৩ প্রার্থী এএফএম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-২ প্রার্থী একেএম বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-১ প্রার্থী মো. শেখ সাদী, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ড. হারুন অর রশিদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত