তিন দিনের সফরে ভোলায় পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তিন দিনের সরকারি সফরে ভোলায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে বরিশাল হয়ে বিকেলে তিনি ভোলায় আসেন। স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ নির্বাচনী এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন)-এ এটি তার প্রথম সফর হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ভোলা সার্কিট হাউজে পৌঁছালে দুপুর ২টা ১৫ মিনিটে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টায় লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

পরদিন শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় লালমোহন উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন স্পিকার। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলা কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

সফরের শেষ দিন শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। পরে বেলা ১১টার দিকে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত