কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি গতকাল বুধবার সৌদি আরব সফর শেষ করে আজ কাতার সফর করছেন বলে জানিয়েছে আলজাজিরা।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনার জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ফলে আঞ্চলিক উত্তেজনা নিরসন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাতার অতীতে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকটে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে। ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সফর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংলাপের পথ সুগম করতে কাতারের ভূমিকা নিয়েও আলোচনা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে জোরদার কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে চার দিনের সফরে বের হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
এর মধ্যে সৌদি আরব ও কাতার সফর দ্বিপক্ষীয় প্রেক্ষাপটে অনুষ্ঠিত হবে। অন্যদিকে তুরস্কে অবস্থানকালে সেখানে অনুষ্ঠেয় আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশ নেবেন তিনি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তালিয়া ফোরামের বৈঠকের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এবং অন্য বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর শুরু হওয়া যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে গত সপ্তাহে ইসলামাবাদে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় বসে ওয়াশিংটন ও তেহরান।
ওই যুদ্ধ মধ্যপ্রাচ্যকে ভয়াবহ এক সংঘাতের ঘূর্ণিপাকে নিমজ্জিত করেছে। ইসরায়েলি-মার্কিন হামলার প্রতিশোধে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্যবস্তু এবং এই অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি বন্ধ করে দিয়েছে ইরান।
হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা