জাপানিদের মনের কথা

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৩ এএম

১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আমার জাপানি দোভাষী ছিলেন ইসামু শিরাই। সত্তরোর্ধ শিরাই সান (জাপানিরা পুরুষ মহিলা নির্বিশেষে সবাইকে সান সম্বোধন করে থাকে) বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইংয়ে আছেন প্রায় একযুগ। তার আগে দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমেরিকান দূতাবাসের ট্রেড উইং-এ এবং তারপর, একটি জাপানি বড় করপোরেশনে আট বছরের কাজ করার আলোকিত অভিজ্ঞতা তার। শুধু দোভাষী নন, জাপানে বাংলাদেশের বাণিজ্য প্রসারে আর বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণের কাজে তিনি মূলত কমার্শিয়াল কাউন্সিলরের বিশেষ সহযোগীর ভূমিকা পালন করতেন। বাংলাদেশ থেকে বিভিন্ন বাণিজ্য ডেলিগেশনে সরকারি-বেসরকারি পর্যায়ে যারা জাপানে যেতেন, তারা সবাই স্বীকার করেন শিরাই সানের নিবেদিত নিষ্ঠার। শিরাই সানের দায়িত্ব সচেতনতা ও সযতœ কর্মপ্রয়াসের মধ্যে, জাপানিদের  জাত্যাভিমান আর ব্যক্তিত্বের পরিচয় যেমন পেতাম, তার  সমন্বয়ধর্মী মানসিকতার মধ্যে অনুসন্ধান করি জাপানিদের জীবন বৈশিষ্ট্য। বিভিন্ন সময়, পর্যায় ও পরিস্থিতিতে তার আচার-আচরণ, ক্রিয়া-প্রতিক্রিয়ায় জাপানিদের মনের কথা অনুসন্ধানে ব্যাপৃত হয়েছিলাম। জাপানি সমাজে প্রত্যেকের প্রতি প্রত্যেকের রয়েছে সম্মান ও সমীহ। তারা পারতপক্ষে, বিবাদ সৃষ্টি পছন্দ করেন না। রবীন্দ্রনাথ জাপান যাত্রীর পত্রে, আজ থেকে ৮৮ বছর আগে যেমনটি লিখেছিলেন

‘জাপানিরা বাজে চেঁচামেচি, ঝগড়াঝাটি করে নিজের বলক্ষয় করে না। প্রাণশক্তির বাজে খরচ নেই বলে,  প্রয়োজনের সময় টানাটানি পড়ে না। শরীর-মনের এই শান্তি ও সহিষ্ণুতা ওদের স্বজাতীয় সাধনার একটা অঙ্গ।’ দেউলিয়া হয়ে যাওয়া একটি কোম্পানির কাছে,  জাপানের একটি পত্রিকার বিজ্ঞাপন প্রকাশ বাবদ কিছু পাওনা বাকি ছিল। কোম্পানিটির নতুন মালিকের কাছে পত্রিকাটি, পাওনা দাবি করলে, তারা কোনো লিখিত চুক্তি না থাকায় ঐ পাওনা পরিশোধে অস্বীকৃতি জানায়। দেউলিয়া হয়ে যাওয়া কোম্পারিটির সঙ্গে বিশ্বাসের ভিত্তিতে বিজ্ঞাপন ছাপা হচ্ছিল। জাপানে অধিকাংশ লেনদেন বিশ্বাসের ভিত্তিতে হয়ে থাকে। এ বিশ্বাস যেকোনো মূল্যে রক্ষাও করা হয়। লেনদেনের পরিমাণ বেশি না হলে, সাধারণত লেখালেখিতে যায় না কেউ। লেখালেখি করতে চাইলে অপর পক্ষ মনে করতে পারেন যে, তাদের বিশ্বাস করা হচ্ছে না। এ ক্ষেত্রে লেনদেন বা ব্যবসা নাও হতে পারে। আইনের আশ্রয় বা অন্য কোনো বাগ্বিত-ার পদ্ধতিতে না গিয়ে, পত্রিকা কর্র্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিলেন যে কোম্পানিটির নতুন মালিকপক্ষের অনুরূপ পরিমাণ বিজ্ঞাপন ভবিষ্যতে বিনামূল্যে প্রকাশ করা হবে, যদি তারা বকেয়া পরিশোধে সম্মত থাকেন। কোম্পানিটি এতে রাজি হলো। ভবিষ্যতে বিনামূল্যে তাদের বিজ্ঞাপন ছাপা হবে, এটি হলো তাদের মুখ রক্ষা। আর পত্রিকাটি দেখল তাদের বকেয়া পাওনার জন্য তারা ভিন্নতর বাড়াবাড়ি বা আইনের আশ্রয় নিলে হয়তো টাকা পেত, কিন্তু কোম্পানির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যেত চিরতরে। এরপর বকেয়া টাকা পাওয়া গেল, ভবিষ্যতে বিনামূল্যে কিছু বিজ্ঞাপন ছাপানোর বিনিময়ে। মুখ্য লাভ হলো, উভয়ের সন্তোষজনক সম্মতিতে বিষয়টি নিষ্পত্তি ঘটল এবং উভয়ের মধ্যে ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্ক বজায় থাকল।         

আরেকটা উদাহরণ। জাপানে বসবাসকারী বিদেশিদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বিদেশি নাগরিকদের আটটি দল এ ম্যাচে অংশ নেয়। শেষমেশ আফ্রিকা ও আইরিশ দল ফাইনালে যায়। দুদলের মধ্যে তীব্র প্রতিযোগিতা। খেলার প্রথমার্ধে ফলাফল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট পর খেলা হিংস্র আকার ধারণ করে। কানাডীয় রেফারি, আফ্রিকার এক খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করেন। এটি চরম বর্ণবৈষম্যমূলক আচরণ আখ্যা দিয়ে, আফ্রিকার খেলোয়াড়রা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন এবং খেলায় চরম বিশৃঙ্খলা নেমে আসে। আফ্রিকানরা এক পর্যায়ে খেলা বর্জনের হুমকি দেন। প্রীতি ফুটবল আয়োজক জাপানিরা দেখলেন, পুরো ব্যাপারটা অত্যন্ত নাজুক এবং দুঃখজনক পরিস্থিতির দিকে এগুচ্ছে। আফ্রিকানরা দাবি করছেন, তাদের খেলোয়াড়কে বহিষ্কার করা যাবে না, পক্ষান্তরে কানাডিয়ান রেফারি তার সিদ্ধান্তে অনড়। পরিস্থিতি সামাল দিতে, জাপানি আয়োজকরা এমন একটা সিদ্ধান্তে এলেন যে রেফারিকে অনুরোধ করা হবে,  আফ্রিকান দলের ক্ষমা চাওয়ার শর্তে লালকার্ড প্রদর্শনের সিদ্ধান্তটি প্রত্যাহার করতে। আফ্রিকান দলের ক্যাপ্টেন অনিচ্ছা সত্ত্বেও ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তারা বাকি খেলায় বেপরোয়া আচরণ করবেন না। কানাডিয়ান রেফারি তবু অনড়। আফ্রিকান ক্যাপ্টেন, ক্ষমা চাওয়ার শর্ত না মানার হুমকি দিলেন। শেষমেশ আয়োজকদের এক কর্তাব্যক্তি, নিজে রেফারির কাছে গিয়ে ক্ষমা চাইলেন প্রতিপক্ষ আইরিশ দলও রেফারিকে তা মেনে নিতে অনুরোধ করল। রেফারি মেনে নিলেন। খেলা সুন্দরমতো এগিয়ে গেল। জাপানে কেউই তাদের বিবাদকে চূড়ান্তে নিয়ে যেতে দিতে চান না। সব সময় চেষ্টা চলে সন্তোষজনক সমাধানে পৌঁছাতে যাতে সবার মুখ রক্ষা হয়। এমন সিদ্ধান্তে সবাই উপনীত হতে চান, যা বিবাদরত সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হয় বা সবাই সম্মত হন। প্রত্যেক পক্ষই যেন ভাবে, তাদের জয় হয়েছে। কেননা, কেউ পরাজিত বা উপেক্ষিত হয়েছে ভাবলে তারা হিংসাত্মক হয়ে উঠতে পারেন যা কাম্য নয়। ব্যক্তির মর্যাদাকে জাপানিরা সম্মান ও সমীহ করতে জানেন। তারা কাউকে চূড়ান্তভাবে বৈরী ভাবতে চান না। বিবাদ বিসংবাদ কিংবা আলাপ আলোচনা বা নেগোশিয়েশনে তারা এমন এক পর্যায়ে থামা পছন্দ করেন, যেখানে সমাধানে পৌঁছানো না গেলেও কিংবা আলোচনা ভেঙে গেলেও যেন, সমঝোতা বা ঐকমত্যের সম্ভাবনা পুরোপুরি তিরোহিত না হয়ে যায়। বৌদ্ধধর্মের অনুসারী জাপানিরা, সব ব্যাপারে সমন্বয় ও সহনশীলতাকে গুরুত্বপূর্ণ মনে করেন এবং আচার-আচরণে এমন ভাব বজায় রাখেন, যাতে সবাই তার নিজের অবস্থানে আস্থাবান থাকতে পারেন। গৌতম বুদ্ধের আরেক দর্শন হলো দোষেগুণে মানুষ। একজন মানুষ পুরোপুরি মন্দ নয়, আবার তার পক্ষে সম্পূর্ণ ভালো হওয়াও সম্ভব নয়। সুতরাং, ভালোমন্দের সমন্বয় সাধনে একজন মানুষের উচিত এটা দেখা যে ভালোর পাল্লা যাতে ভারী হয়। দশটা ভালো কাজ করে, আটটা মন্দকাজের সঙ্গে ব্যালান্স করাকে তারা গুরুত্ব দেন। 

ব্যালান্স করার ব্যাপারটাকে তারা দৈনন্দিন খাদ্য গ্রহণের ক্ষেত্রেও মেনে চলেন। জাপানের প্রত্যেক ব্যক্তির জানা আছে, প্রতিদিন তার কত ক্যালরির খাবার খাওয়া উচিত। এটা যাতে তিনি নিয়মিত মেনে চলতে পারেন, সে জন্য তারা সেট মেনু বা প্যাকেজ খাবার গ্রহণ করে থাকেন। জাপানিরা অধিকাংশ ক্ষেত্রে বাইরের খাবার খেয়ে থাকেন। ঘরে খাবার তৈরিতে সময়, স্পেস ও ইউটিলিটি খরচকে তারা তুলনামূলকভাবে নন-ইকোনমিক মনে করেন। প্রতি বেলার মানসম্মত ও মান নিয়ন্ত্রিত খাবার সরবরাহের দোকান, যত্রতত্র রয়েছে। এসব দোকানে সেট মেনু বাইরে ডিসপ্লে করা থাকে। মেন ডিশ, সাইড ডিশ, সবজি, সালাদ, ফল বা মিষ্টি সবই পরিমাণ মতো (প্লাস্টিকের তৈরি হুবহু দেখতে) সেট মেনু বাক্সে সাজানো থাকে। ডিসপ্লে করা প্রতি সেটে খাবারের দাম এবং এ খাবারগুলোর ফুড ভ্যালু বা ক্যালরির পরিমাণ উল্লেখ করা থাকে। শিরাই সানের বয়স ৭৫ বছর। তার লো প্রেসার, ডায়াবেটিস নেই, ওজন ৫৭ কেজি, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। চিকিৎসক এসব দেখে বলে দিয়েছেন, প্রতিদিন তার এখন ১৯০০-১৯৫০ ক্যালরির খাবার খাওয়া উচিত। শিরাই সান সকালে গরম জাউভাত, মিসো সুু্যুপ, মুলা সেদ্ধ আর গ্রিন টি খেয়ে আসেন। দুপুরে দূতাবাসের পার্শ্বে যেকোনো খাবারের দোকান থেকে ১০০০ কিংবা ১১০০ ক্যালরির লাঞ্চ বক্স কিনে খাবেন। ডিনারে তিনি হিসাব করে ক্যালরি সম্পন্ন সেট মেনু বেছে নেবেন এবং খাবেন। ডিনার কিংবা লাঞ্চে যদি কোনো আনুষ্ঠানিক দাওয়াতে তাকে যেতে হয়, তাহলে তদনুযায়ী তিনি সমন্বয় করে নেবেন। অপর বেলার খাবার যাতে সারা দিনে মোট পরিমাণ ১৯০০-১৯৫০ ক্যালরির মধ্যে সীমিত থাকে। সারা জীবন তিনি এটা মেনে চলেছেন বলেই এ পর্যন্ত মোট ৫৫ বছর চাকরি করার পরও, পঁচাত্তর বছর বয়সী শিরাই সান এখনো দিব্যি কর্মক্ষম। তার চুলে পাক ধরেনি এবং আমার সঙ্গে তার বয়সের ২৫ বছর ব্যবধান থাকা সত্ত্বেও, মনে হতো তিনি আর আমি সমবয়সী।

জাপানিদের গড় আয়ু বর্তমানে ৮২ বছর। এর আরেকটি অন্যতম কারণ, তিনবেলা খাবার গ্রহণের ক্ষেত্রে সময়ানুবর্তিতায় তাদের অয়োময় দৃঢ়তা। সকাল ৭টায় ব্রেকফাস্ট, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে লাঞ্চ এবং সন্ধ্যে ৬টা থেকে ৭টার মধ্যে ডিনার তারা করবেনই। সম্রাটকে জাপানিরা খুব সম্মান করেন। নির্দিষ্ট সময়ে খাদ্য গ্রহণকে তারা এতটা পবিত্র দায়িত্ব জ্ঞান করেন যে, ভাবখানা যেন এই যে ঠিক ঐ সময় তাদের সম্রাটও খাবার বাক্স খুলেছেন। সমুদ্র সীমান্তে দায়িত্ব পালনরত জাপানি পুলিশ যথাসময় লাঞ্চ করাকে এত গুরুত্ব দেন যে,  ঠিক ঐ সময় বিদেশি ইমিগ্রান্টরা বেআইনিভাবে তাদের সামনে দিয়ে জাপানে ঢুকলেও, তারা কোনো বাধা দেবেন না।

লেখক: সাবেক সচিব ও কমার্শিয়াল

কাউন্সিলর, জাপান     

[email protected]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত