নেপালে রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সম্পদ তদন্তে কমিশন গঠন

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ এএম

দুর্নীতিবিরোধী অঙ্গীকার নিয়ে গত মাসে নির্বাচিত নেপাল সরকার রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের সম্পদ তদন্তে একটি কমিশন গঠন করেছে বলে গতকাল বৃহস্পতিবার এক কর্মকর্তা জানিয়েছেন।

র‌্যাপার থেকে রাজনীতিক হয়ে ওঠা ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ২০২৫ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনে সরকার পতনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বিপুল জয় পান।

কাঠমান্ডু থেকে এএফপি জানায়, সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতি পাঁচ সদস্যের এ কমিশনের নেতৃত্বে থাকবেন। কমিশনটি ২০০৬ সাল থেকে যারা উচ্চপদে দায়িত্ব পালন করেছেন, তাদের সম্পদ পর্যালোচনা করবে।

প্রধানমন্ত্রীর প্রেস ও তদন্তবিষয়ক উপদেষ্টা দীপা দাহাল জানান, গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে। সময়সূচি ও অন্যান্য বিষয় নিশ্চিত করতে আমরা কাজ করছি।’

বলেন্দ্র শাহ দায়িত্ব নেওয়ার পর ঘোষিত সরকারের ১০০ দফা সংস্কার কর্মসূচিতে এ কমিশন গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। এর আগে চলতি মাসেই অর্থপাচার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেপাল। বর্তমানে বিদেশে থাকা দেউবা অভিযোগ অস্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত