মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ এএম

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরান যুদ্ধ এবং যুদ্ধাপরাধসহ বিভিন্ন গুরুতর অভিযোগে পেন্টাগনের প্রধান পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছেন হাউজ ডেমোক্র্যাটরা। গত বুধবার তার বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ ও অসদাচরণ’ এর ছয়টি অভিযোগ উত্থাপন করা হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, অ্যারিজোনার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারির নেতৃত্বে এই অভিশংসন প্রস্তাব আনা হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে ইয়াসমিন আনসারি লিখেছেন, শপথ ভঙ্গ, মার্কিন সেনাদের জীবন বিপন্ন করা এবং ইরানের মিনাব শহরে বেসামরিক নাগরিক ও একটি বালিকা বিদ্যালয়ে হামলার মতো যুদ্ধাপরাধের দায়ে আমি পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছি। তিনি বলেন, যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে। হেগসেথের কর্মকা- তাকে অবিলম্বে এই পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি রাখে।

অভিশংসন প্রস্তাবের অন্যতম প্রধান অভিযোগ হলো, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেদিন যৌথভাবে ইরানে বোমা হামলা শুরু করে, সেদিনই এই হামলায় শিক্ষার্থী-শিক্ষকসহ অন্তত ১৭০ জন নিহত হন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে দেখা গেছে, লক্ষ্যস্থিরের ভুলের কারণে একটি ‘টমাহক ক্রুজ মিসাইল’ স্কুলটিতে আঘাত হেনেছিল।

অভিশংসনের অভিযোগে বলা হয়েছে, হেগসেথ যুদ্ধের আইন লঙ্ঘন করে এই বলপ্রয়োগের অনুমতি দিয়েছেন বা তা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন।

অন্য গুরুতর অভিযোগগুলো হলো

অবৈধ যুদ্ধ ঘোষণা : কংগ্রেসের কোনো সংবিধিবদ্ধ অনুমোদন বা যুদ্ধ ঘোষণা ছাড়াই ইরানের সঙ্গে সংঘর্ষ শুরু করে মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

‘ডাবল ট্যাপ’ স্ট্রাইক : ক্যারিবিয়ান অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে থাকা নৌকাগুলোতে ‘ডাবল ট্যাপ’ (একই স্থানে পরপর দুবার হামলা) চালানোর সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। তাদের মতে, এই পদ্ধতি বেআইনি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার নিয়মকে লঙ্ঘন করে।

তথ্য ও গোপনীয়তা লঙ্ঘন : স্পর্শকাতর সামরিক তথ্যের প্রতি অবহেলা এবং ইয়েমেনে হামলার বিষয়ে আলোচনার জন্য বাণিজ্যিক মেসেজিং অ্যাপ ‘সিগন্যাল’ ব্যবহার করে কংগ্রেসের তদারকি বাধাগ্রস্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত