টুকরো খবর

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৩ এএম

ছয় দশকে তৌকীর

দেশের আলোকিত অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদের কর্ম ও সৃজনকে স্মরণ ও শ্রদ্ধায় ভরিয়ে দিতে ‘সুহৃদ’-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’। এ উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আগামী ১৯ এপ্রিল দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আয়োজনে থাকছে বিশেষ একটি সেমিনার। ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শিরোনামে এ সেমিনারে অংশ নেবেন সংস্কৃতি অঙ্গনের নির্মাতা, শিল্পী ও সংগঠকরা। সেমিনার উপলক্ষে তৌকির আহমেদের সিনেমা নিয়ে লিখেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, তার নির্দেশিত মঞ্চনাটক নিয়ে লিখেছেন মাসুম রেজা এবং টেলিভিশনে তার সৃজনকর্ম নিয়ে লিখেছেন রুম্মান রশীদ খান। সেমিনারটি অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে। অন্যদিকে, একাডেমির মূল হলে প্রদর্শিত হবে তৌকির আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। সন্ধ্যায় তৌকির আহমেদ নির্দেশিত ও অভিনীত মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’ মঞ্চস্থ হবে। পুরো আয়োজন প্রসঙ্গে সবার পক্ষ থেকে অভিনেতা আহসান হাবিব নাসিম, ‘তৌকীর আহমেদের বহুমাত্রিক সৃজন ও কর্মকে স্মরণ করতে চাই আমরা। এ লক্ষ্যে আমরা তার বন্ধুরা সবাই মিলে এ উদ্যোগ গ্রহণ করেছি।’

শ্রীকান্ত এখন ঢাকায়

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য। নব্বইয়ের দশকের এই তারকার গায়কিতে মিশে আছে এক আশ্চর্য স্নিগ্ধতা আর নাগরিক জীবনের না বলা কথা। কয়েক প্রজন্মকে সুরের মূর্ছনায় মাতিয়ে রাখা এই গুণী শিল্পী সম্প্রতি সপরিবারে পা রেখেছেন বাংলাদেশে। শ্রীকান্ত বলেন, ২৬ বছর ধরে আমি ঢাকাতে তো অনেকবার এসেছি, পাশাপাশি বাংলাদেশের অন্যান্য জায়গাতেও ঘুরেছি। তবে ঢাকেশ্বরী মন্দিরে আমার এই প্রথমবার এসে খুবই ভালো লেগেছে। আর এবার আমার কাছে এই ঘুরে দেখাটা একটু বিশেষ কারণ। একদিকে পহেলা বৈশাখের আনন্দ, অন্যদিকে আমি সপরিবারে এখানটায় ঘুরতে এসেছি। উৎসবের মেজাজের ভেতরে ঐতিহাসিক জায়গাটা ঘুরে দেখে খুব ভালো লাগছে। তিনি আরও বলেন, সত্যি বলতে, এই দেশে এসে আমার নানা পদের ভর্তা খেতে খুব ভালো লাগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত