বর্তমান সরকার কথার ফুলঝুরি নয়, বরং দৃশ্যমান কাজের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনকল্যাণকে এক নম্বর এজেন্ডা হিসেবে নিয়েছেন এবং সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই তার সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে। ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন' শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পার্শ্ববর্তী পাঁচটি জেলার সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
উপদেষ্টা বলেন, পতিত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক মডেলে কর্মসংস্থান হয়নি, বরং দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনকভাবে। বিশেষ করে উচ্চশিক্ষিত যুবসমাজ ও নারীরা আজ চরম সংকটে। গত তিন বছরের উচ্চ মূল্যস্ফীতি দরিদ্র মানুষের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। এই সংকট কাটাতে আমরা দায়িত্ব নিয়েই কৃষক ও খামারিদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করেছি এবং এক মাসের মাথায় ফ্যামিলি কার্ড চালু করেছি।
দিনব্যাপী সফরের অংশ হিসেবে উপদেষ্টা ফরিদপুরের শিল্প ও গবেষণা খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করেন। এর অংশ হিসেবে বেলা সাড়ে এগারোটার সময় গেরদা ইউনিয়নের জুয়াইর মোড় এলাকায় অবস্থিত জোবায়দা করিম জুট মিলে উৎপাদন প্রক্রিয়া দেখেন এবং সরাসরি শ্রমিক-কর্মচারীদের কথা শোনেন। এরপর দেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট শহরের হারকান্দিতে অবস্থিত পরিদর্শন করেন। তিনি নদী ব্যবস্থাপনা ও গবেষণায় প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক ও কার্যকর করার নির্দেশনা দেন। উপদেষ্টা স্পষ্ট করে বলেন, রংপুর ও রাজশাহীর পর ফরিদপুরের এই সমন্বয় সভা প্রমাণ করে যে, সরকার সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নে কতটা আন্তরিক। প্রতিটি অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিই হবে আমাদের আগামীর মূল লক্ষ্য।