মুজিবনগর স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নাগরিক প্রতিনিধির

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ এএম

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে কোনো কর্মসূচি ছিল না। তবে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া মুজিবনগর সরকারের নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা থেকে আসা একদল নাগরিক প্রতিনিধি। বিভিন্ন শ্রেণি-পেশার এই প্রতিনিধিদল মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স  পরিদর্শনও করেন।

গতকাল শুক্রবার মুক্তিযোদ্ধা সাংবাদিক ও লেখক আবু সাঈদ খানের নেতৃত্বে নাগরিক সমাজের একটি প্রতিনিধিদল বাংলাদেশের প্রথম সরকারের শপথগ্রহণের স্থান মুজিবনগর স্মৃতিসৌধে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। প্রতিনিধিদলে আরও ছিলেন উন্নয়ন সংস্থা এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মিনহাজুল হক চৌধুরী, মানবাধিকার কর্মী দীপায়ন খীসা, রফিক আহমেদ সিরাজী প্রমুখ। আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সিপিবির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানসহ অনেকে।

স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে প্রতিনিধিদল মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে নির্মিত মুক্তিযুদ্ধ মানচিত্র ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্য প্রদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত