বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ এএম

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। গতকাল শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল এক শোকবার্তায় তিনি বলেন, মাহবুবুর রহমান একজন যোগ্য, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সবার কাছে সম্মানিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, তার পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও সততা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তার অকাল প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ প্রশাসককে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। মন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত