নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড়ে শুরু হয়েছে নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাবের (এনপিসি) তিন দিনের নদীবিষয়ক প্রদর্শনী। গতকাল শুক্রবার বিকেল ৪টায় দেশের প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুন এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
এনপিসির প্রতিষ্ঠার ১৪ বছর উপলক্ষে ‘স্মৃতি, জীবন আর অস্তিত্বের দৃশ্যপট : নদী তবু আছি’ শিরোনামে এই প্রদর্শনীর আয়োজন করেছে সংগঠনটি। আয়োজনে দেশের ৩০টি নদীর ওপর তোলা ১১০ আলোকচিত্রীর ১২১টি একক আলোকচিত্র, ১৪টি ছবির গল্প ও ৯টি ভিডিওচিত্র স্থান পেয়েছে।
শীতলক্ষ্যা পাড়ে নদীবিষয়ক এই প্রদর্শনীর মাধ্যমে নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাব (এনপিসি) ইতিহাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত আলোকচিত্রী ও ফটোজিয়ামের প্রতিষ্ঠাতা নাসির আলী মামুন। এনপিসির এই প্রদর্শনীকে দৃশ্যশিল্পের একটি প্রতিবাদ হিসেবে মূল্যায়ন করেন এই আলোকচিত্রী।
আলোকচিত্রী সাহাদাত পারভেজ বলেন, বাংলাদেশের ইতিহাস নদীর ইতিহাস। নদীকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস নির্মাণ করতে যাওয়া নিতান্তই অপরিণামদর্শিতা।
এর আগে বিকেল ৪টায় অতিথিদের নিয়ে আয়োজকরা প্রদর্শনী ঘুরে দেখেন। এনপিসির সভাপতি ইউসুফ শাহরিয়ার মুন্তাকিম, সদস্য সচিব মুনতাসীর মঈন, জয় কে রায় চৌধুরী, শাহেলা আক্তার উমামা, সৌমিক দাসসহ সংগঠনের সদস্য ও আয়োজনে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
সরকার দেশের নদ-নদীগুলো রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি শীতলক্ষ্যা নদীকে দখল ও দূষণমুক্ত করতে তার অঙ্গীকারের কথা জানান।
