পঞ্চগড়ে জাগপা অফিসে হামলা: রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ এএম

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র আল রাশেদ প্রধানের প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে তার নিজ জেলা পঞ্চগড়ে জাগপার জেলা কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন জাগপা নেতারা। হামলায় দলীয় কার্যালয়ের টিনের সীমানা বেড়া সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। এছাড়া ভেতরের চেয়ার টেবিলও ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধার আগে জেলা শহরের বকুলতলা এলাকায় জাগপা কার্যালয়ে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় জাগপার কোন নেতাকর্মীর উপর হামলার ঘটনা ঘটেনি বলে জানা গেছে। অপ্রিতিকর ঘটনা এড়াতে শহরের বকুলতলা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে বিকেল ৫ টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আল রাশেদ প্রধান বক্তব্যের প্রতিবাদে জেলা শহরের বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। এসময় সংক্ষিপ্ত পথসভায় জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তখনই জাগপা নেতা রাশেদ প্রধান প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেছে। যে তার বাড়ি পঞ্চগড়ে। তিনি রাজনৈতিকভাবে একটি দলের বিরোধিতা করতেই পারেন। তবে তা হতে হবে নিয়মের মধ্য দিয়ে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে এর বিচার আমরা দাবিসহ পঞ্চগড়ে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই কুলাঙ্গার রাশেদ প্রধানকে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করছি। 

জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, তারা আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের চেয়ার টেবিল, টিভিসহ আসবাপত্র ভাঙচুর করেছে। তবে আমাদের কোন নেতাকর্মীর উপর তারা হামলা করেনি।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত