যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির রূপরেখা প্রস্তুত

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৬ এএম

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর খবরে ইরানি কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা একটি স্থায়ী শান্তি চুক্তির কাঠামো নির্ধারণ করবে।

প্রতিবেদন অনুযায়ী,ওয়াশিংটন এবং তেহরান বর্তমানে তিন পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাজ করছে। এই নথিটি চূড়ান্ত আলোচনার ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে আলোচনার প্রক্রিয়া সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ চুক্তির টেকসই বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও কারিগরি কাঠামো নির্ধারণ করা হবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, সমঝোতা স্মারকে একটি গুরুত্বপূর্ণ ধারা রাখা হয়েছে, যেখানে ৬০ দিনের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে উভয় পক্ষ বাকি থাকা বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধান, বাস্তবায়ন পদ্ধতি ও নিশ্চয়তা নিয়ে একমত হওয়া এবং চূড়ান্ত শান্তি চুক্তির খসড়া প্রস্তুত করার কাজ এগিয়ে নেবে।

কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই এই সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে পারে। এ লক্ষ্যে পাকিস্তান এ একটি উচ্চপর্যায়ের বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। এই বৈঠককে দুই দেশের সম্পর্ককে 'অস্থায়ী সমঝোতা' থেকে 'প্রাতিষ্ঠানিক শান্তির কাঠামোতে' রূপ দেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। 

এদিকে, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা প্রশমনে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই প্রক্রিয়ায় ইসলামাবাদ গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত