নিজ ক্যাম্পাসে মরণোত্তর সম্মাননায় হুমায়ুন ফরীদি

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদিকে মরণোত্তর সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো তিনব্যাপী আয়োজিত ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল’ অনষ্ঠিত হয়েছে। সম্প্রতি ‘দৃশ্যে গাঁথি শিল্পের সুর, মুক্ত করি প্রাণ’ স্লোগানে আয়োজিত এই তিনদিনব্যাপী উৎসব চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সংগঠন বাংলা থিয়েটারের আয়োজনে ১৪ থেকে ১৬ এপ্রিল জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই উৎসব। উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. খোরশেদ আলম।

উৎসবে তরুণ ও প্রবীণ নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি দর্শকদের জন্য আয়োজন করা হয় চারটি মাস্টারক্লাস ও  ‘আওয়ার স্টোরিজ’ শীর্ষক মতবিনিময় পর্ব। বিশেষ আকর্ষণ হিসেবে ‘বনলতা এক্সপ্রেস’ টিমের সদস্যরা দর্শকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল চারুকলা বিভাগের সহায়তায় নির্মিত বিশেষ সম্মাননা ‘ইথিরিয়াল ব্লুম’ প্রদান। চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর সম্মাননা পান হুমায়ুন ফরীদি। পাশাপাশি জাবির সাবেক পাঁচ শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ নির্মাতা, শিল্পী ও সংগঠককে পুরস্কৃত করা হয়। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক জাবি শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনতেজার: প্রথম প্রহর’ বিশেষ সম্মাননা অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টরসহ ‘সাঁতাও’, ‘জ্বীনের বাচ্চা’ ও ‘কাজলরেখা’ চলচ্চিত্রের নির্মাতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত