ফেনীর সোনাগাজীতে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরীর সময় বিস্ফোরণে দগ্ধ নুর আলম মাসুদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছে। শনিবার ( ১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডে সততা অয়েল মিলে মাসুদ ও তার সহযোগী ওমর ফারুক বিস্ফোরনে গুরতর আহত হয়। রাতে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত মাসুদ সোনাগাজী পৌরসভার চরগনেশ গ্রামের আব্দুল খালেকের ছেলে।
নিহতের শ্যালক মোহাম্মদ রাসেল মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে ময়না তদন্ত শেষে মৃতদেহ বাড়িতে আনা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের 'সততা অয়েল মিলস' নামের একটি প্রতিষ্ঠানে অনুমোদনবিহীনভাবে বিকল্প উপায়ে অকটেন তৈরির করার চেষ্টা চলছিল। এসময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর সোনাগাজী মডেল থানা পুলিশ সততা মিলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
স্থানীয় সুত্রে আরও জানা গেছে, নিহত মাসুদের অয়েল মিল পরিচালনার পাশাপাশি গরুর খামার রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরী করে ব্যবহার করতেন। সাম্প্রতিক সময়ে দেশে জ্বালানির সংকট তৈরী হলে বেশী পরিমাণ অকটেন তৈরীর সময় দুর্ঘটনার কবলে পড়েন। এ ঘটনায় পরিবার অথবা প্রশাসনের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি।
