ইরানের পার্লামেন্ট স্পিকার

আমরা চূড়ান্ত চুক্তি থেকে অনেক দূরে আছি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এএম

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এখনো চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

শনিবার (১৮ এপ্রিল) ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা এখনো চূড়ান্ত চুক্তি থেকে অনেক দূরে আছি। আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে এখনো গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে মতভেদ রয়ে গেছে এবং মৌলিক একাধিক ইস্যু অমীমাংসিত রয়েছে।”

কালিবাফ আরও জানান, দুই দেশের আলোচনায় আস্থা সংকট, নিষেধাজ্ঞা ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা-সংক্রান্ত জটিল বিষয়গুলো এখনো বড় বাধা হয়ে রয়েছে।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, একটি অভিন্ন কাঠামো (কমন ফ্রেমওয়ার্ক) নিয়ে উভয় পক্ষ একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনা শুরু করা সম্ভব নয়।

এরই মধ্যে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া নতুন প্রস্তাবগুলো তারা গভীরভাবে পর্যালোচনা করছে। তবে এসব প্রস্তাব দেশের জাতীয় স্বার্থ ও কৌশলগত অবস্থানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানানো হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত