ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ৩৪ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৮ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭২ জন।

মারা যাওয়া শিশুটি তিন মাস বয়সী এক ছেলে, যার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। গত ৯ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুর পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে রবিবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৬১১ শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫১৯ জন এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ শিশুর।

শিশু ওয়ার্ডের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা বলেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, যার কারণে দ্রুত সংক্রমণ বাড়ছে। 

শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময়মতো টিকা গ্রহণই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। সীমিত জনবল থাকা সও্বেও চিকিৎসকেরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন বলেও তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত