চট্টগ্রামে হাম সন্দেহে নতুন ২৩ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে দুইজনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া ২৩ জন সন্দেহভাজন রোগীর সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। শনাক্ত হওয়া নতুন দুইজন হাম রোগী উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত সন্দেহভাজন ভর্তিকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া মোট হামের রোগীর সংখ্যা ৪১ জন।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, চট্টগ্রাম জেলা থেকে এ পর্যন্ত মোট ৪১৩টি নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে মহানগর থেকে ২৯০টি এবং উপজেলা পর্যায় থেকে ১২৩টি নমুনা সংগৃহীত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে এ পর্যন্ত মোট ১৯ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
