অবশেষে দল পেলেন লিটন দাস ও মিরাজ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস ও মেহেদী হাসান মিরাজকে কোনো দল নেয়নি। জানা গেছে, অধিক অর্থ দাবি করায় কোনো ক্লাব তাদের প্রতি আগ্রহ দেননি। অবশেষে আজ দ্বিতীয় দিনে দুজনই দল পেয়েছেন।

লিটন ও মিরাজকে দলে ভিড়িয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুর শেরে বাংলায় আজ দলবদলে দুজনেই উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্ন ছিল, রূপগঞ্জের অধিনায়ক হবেন কে? এসময় লিটন রসিকতা করে মিরাজকে দেখিয়ে দেন।

ডিপিএলের গত আসরেও টি-টোয়েন্টি অধিনায়ক লিটনের দল পাওয়া নিয়ে সংকট তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তামিম ইকবালের মধ্যস্থতা এবং অর্থায়নে গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দেন। অন্যদিকে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ গত আসরে খেলেছিলেন মোহামেডানে।

রূপগঞ্জের হয়ে নাম লেখানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের লক্ষ্যের কথা পরিষ্কার করেন মিরাজ, “অবশ্যই লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। কারণ দলটা অনেক ভালো করেছে। আশা করি, দলের সবাই যদি একসঙ্গে বন্ডিং ধরে রেখে খেলতে পারি, অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারব।”

একই কথা শোনা যায় লিটনের কণ্ঠেও, “অবশ্যই সিনিয়র ক্রিকেটার হিসেবে তো আমরা চেষ্টা করবোই। তবে আপনারা জানেন, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জাতীয় দলের দায়িত্ব। এরপর সেখান থেকে বের হয়ে যে কয়টা ম্যাচ আমরা সুযোগ পাব, চেষ্টা করব ক্লাবকে কীভাবে সাহায্য করা যায়।”

তবে জাতীয় দলের খেলা থাকায় দুজনের কেউই প্রিমিয়ার লিগের পুরোটা খেলতে পারবেন না। সর্বোচ্চ ৪ ম্যাচ হয়তো রূপগঞ্জের জার্সিতে দেখা যেতে পারে তাদের। তাই দলের অধিনায়কত্বের জন্য অন্য কাউকে বেছে নিতে হবে রূপগঞ্জের। 

ক্লাবটির কর্ণধার লুৎফর রহমান বাদল দিলেন তেমনই আভাস, 'এখনও (অধিনায়কের বিষয়ে) সিদ্ধান্ত হয়নি। আমাদের তো দুইজনই (লিটন-মিরাজ) অধিনায়ক। ওরাই সিদ্ধান্ত ডিসিশন নেবে কে অধিনায়কত্ব করবে। ওরা না থাকলে এদের বাইরে যারা এভেইলেবল আছে... জাতীয় দলের আরও ক্রিকেটার আছে। নাসুম আছে, শেখ মেহেদী আছে, শরিফুল আছে। তাদের মধ্যে থেকে একজন অধিনায়ক হবে ইনশাআল্লাহ।”

মিরাজ-লিটন ছাড়াও দলটিতে নাম লেখানো ক্রিকেটারদের তালিকায় আছেন সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, ইরফান শুক্কুর, হাবিবুর রহমান সোহান, শরিফুল ইসলামদের মতো ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিতরা।

এর বাইরে আশিকুর রহমান শিবলি, সামিউন বশির রাতুল, স্বাধীন ইসলামের মতো তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদেরও নিয়েছে রূপগঞ্জ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত