কোটালীপাড়া কৃষককে হত্যার অভিযোগ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে মনোতোষ ঘটক(৬০) নামে এক কৃষককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার(১৯ এপ্রিল) বিকেলে উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত মনোতোষ ঘটক খাগবাড়ী গ্রামের সিদ্ধেশ্বর ঘটকের ছেলে।

পরিবার সূত্রে জানাগেছে, খাগবাড়ী গ্রামের মনোতোষ ঘটকের সাথে একই গ্রামের গৌরাঙ্গ ঘটকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের আজ রবিবার বিকেলে মনোতোষ ঘটক ও গৌরাঙ্গ ঘটকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে গৌরাঙ্গ ঘটক ও তার স্ত্রী পুতুল ঘটক মিলে মনোতোষ ঘটককে মারধর করে। এতে মনোতোষ ঘটক গুরুতর আহত হয়। আহত মনোতোষকে পরিবারের তার লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী তন্ময় ঘটক এ বিষয়ে বলেন, বিকেলে মনোতোষ ঘটকের সাথে জমিজমা নিয়ে গৌরাঙ্গ ঘটক ও স্ত্রী পুতুল ঘটকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ের তাদের মাঝে হাতাহাতি হলে মনোতোষ ঘটক মাটিতে পড়ে যায়। তাকে নিয়ে হাসপাতালে আসলে জরুরী বিভাগের চিকিতসক তাকে মৃত ঘোষণা করে।

জরুরী বিভাগের চিকিৎসক ডা. তমাল অধিকারী জানান, মনোতোষ ঘটককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে তিনি মন্তব্য করেন। কোটালীপাড়া থানার এস,আই উত্তম সেন বলেন, মনোতোষ ঘটকের পরিবারের লোকজন মৌখিকভাবে হত্যার অভিযোগ করেছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত