রিয়ালে কপাল পুড়ল আতলেতিকোর

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:২৮ এএম

চলতি মৌসুমে বার্সেলোনাকে বারবার হতাশায় ডুবিয়েও শেষ হাসি হাসা হলো না ডিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদের। কোপা দেল রে-র সেমিফাইনাল এবং চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে কাতালান জায়ান্টদের গুঁড়িয়ে দিলেও ফাইনালে এসে টাইব্রেকার ভাগ্যে রিয়াল সোসিয়েদাদের কাছে শিরোপা হারাল তারা।

এবারের কোপা দেল রে-তে আতলেতিকোর পথচলা ছিল দাপুটে। সেমিফাইনালে বার্সেলোনাকে বিধ্বস্ত করে ফাইনালে নাম লিখিয়েছিল তারা। শুধু ঘরোয়া টুর্নামেন্টই নয়, ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও বার্সাকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছে সিমিওনের শিষ্যরা। বার্সার বিপক্ষে এই দাপুটে জয়গুলোই আতলেতিকোকে শিরোপার অন্যতম দাবিদার বানিয়ে দিয়েছিল।

সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে ফাইনালটি ছিল উত্তেজনায় ঠাসা। ম্যাচের মাত্র ১৪ সেকেন্ডে গোল খেয়ে পিছিয়ে পড়ে আতলেতিকো। তবে ১৮ মিনিটে আতোয়ান  গ্রিজম্যানের সহায়তায় গোল করে দলকে সমতায় ফেরান ইনফর্ম আদেমোলা লুকম্যান। প্রথমার্ধের শেষে পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদ আবারও এগিয়ে গেলেও ৮৩ মিনিটে জুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোলে সমতায় ফেরে আতলেতিকো।

নির্ধারিত ও অতিরিক্ত সময় ২-২ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে সোসিয়েদাদ গোলরক্ষক উনাই মারেরোর বীরত্বে কপাল পুড়ে আতলেতিকোর। মারেরো রুখে দেন সরলোথ ও আলভারেজের শট। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে টাইব্রেকার জিতে নিজেদের তৃতীয় কোপা দেল রে শিরোপা ঘরে তোলে রিয়াল সোসিয়েদাদ।

লা লিগার শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়া আতলেতিকোর সামনে এখন চ্যাম্পিয়নস লিগের জয়ের সুযোগ। সে জন্য সেমিফাইনালে আগে আর্সেনালকে হারাতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত