রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রথমবারের মতো এই মাঠে আয়োজিত হচ্ছে কোনো জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দল। এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে রবিবার দুপুরে ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও চামারি আতাপাত্তু।
আসন্ন নারী বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতির মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে এই সিরিজটি আমাদের নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় মঞ্চ। শক্তিশালী দলই ঘোষণা করা হয়েছে। আমরা এমন উইকেট চেয়েছি যেখানে ব্যাটাররা রান করতে পারে, কারণ বড় আসরে রান করার অভ্যাস থাকাটা খুব জরুরি।’
আগে বয়সভিত্তিক ও ইমার্জিং দলের খেলা হলেও এই প্রথম আন্তর্জাতিক রোমাঞ্চের সাক্ষী হতে যাচ্ছে রাজশাহী। ভেন্যু সম্পর্কে নিগার বলেন, ‘উইকেট ব্যাটিং সহায়ক। প্রচণ্ড গরম থাকলেও আমাদের ঘরোয়া খেলার অভিজ্ঞতা আছে, তাই এটি বড় সমস্যা হবে না।’ অন্যদিকে, লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু উইকেট ও কন্ডিশন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘নতুন ভেন্যু হলেও কন্ডিশন বেশ ভালো। আশা করি ব্যাটাররা এখানে ভালো রান পাবে এবং লড়াইটা জমজমাট হবে।’