হাম ও হামের উপসর্গে একদিনে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চের পর রোগটিতে ২১৭ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সন্দেহজনক হাম রোগীর সংখ্যাও সাড়ে ২৩ হাজার ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে আজ সোমবার থেকে রোগটি প্রতিরোধে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। দেশব্যাপী ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে বিনামূল্যে হামের এক ডোজ টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। হাম প্রতিরোধে সারা দেশে টিকাদান কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে গতকাল রবিবার এক ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী এই উদ্যোগের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এটি একটি মারাত্মক সংক্রামক ভাইরাসজনিত রোগ হিসেবে দেখা দিচ্ছে। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। চলতি মাসের ৫ তারিখে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় আমরা এরই মধ্যে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং তা চলমান রয়েছে। ২০ এপ্রিল থেকে দেশব্যাপী ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুদের জন্য বিনামূল্যে হামের এক ডোজ টিকাদান কর্মসূচি শুরু করা হচ্ছে।
মন্ত্রী বলেন, একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সব অভিভাবক, কিশোর-কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আসুন, আমরা সবাই মিলে শিশুদের এই বিনামূল্যের হামের টিকা গ্রহণ নিশ্চিত করি।
হামের সর্বশেষ পরিস্থিতি : স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গতকাল হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে ঢাকায় আর নিয়ে ঢাকা, বরিশাল ও রাজশাহীতে সন্দেহজনক হামে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন ১ শিশুর মৃত্যু নিয়ে এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৩৬। আর সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১৮১। অর্থাৎ, সবমিলিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে। এদিকে গতকাল ১৬৫ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪৩ জন। আর গতকাল সন্দেহজনক হাম রোগী হাসপাতালে এসেছে ১ হাজার ১৯৭ জন। এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০৬ জনে। তবে এখন পর্যন্ত ১৫ হাজার ৩২৬ সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩৯৬ রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
