তুরস্কে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ 'বাংলার জয়যাত্রা'র নিরাপদ চলাচল নিশ্চিত করতে আবারও ইরানের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
শনিবার (১৮ এপ্রিল) রাতে তুরস্কে অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে মন্ত্রী বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতির তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানকে ধন্যবাদ জানায় বাংলাদেশ। তিনি ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
জবাবে ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
দুই দেশ এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখবে বলেও জানানো হয়। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নীতিগত অবস্থান তুলে ধরে বলেন, চলমান সংকট নিরসনে সব পক্ষের সংযম প্রদর্শন জরুরি এবং মতপার্থক্য দূর করতে সংলাপ ও কূটনীতিই একমাত্র পথ।
ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের আশা প্রকাশ করেন।
এর আগে, গত ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে খালিলুর রহমান 'বাংলার জয়যাত্রা'সহ অপর একটি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার অনুরোধ জানান। সেই সময় ইরান বিষয়টি উচ্চপর্যায়ে বিবেচনার আশ্বাস দেয়।
এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্টের মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর উদ্যোগেরও প্রশংসা করে ইরান। পাশাপাশি ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে নিরাপদে আজারবাইজানে সরিয়ে নিতে সহযোগিতার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়।
