টাকার জন্য স্ত্রীকে মারধর, পুলিশ সার্জেন্টের শাস্তি

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম

চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে মারধরের মামলায় নাজিম উদ্দিন নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে (সাময়িক বরখাস্ত) এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে (২০ এপ্রিল) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোশতাক আহমেদ এই রায় দেন।

নাজিমের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। স্ত্রী আশরেফা জাহানের বাড়ি লালমনিরহাটে। তাদের সংসারে আছে দুই সন্তান। চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন তারা। ২০০৪ সালের ৯ জানুয়ারি ট্রাফিক সার্জেন্ট নাজিম উদ্দিনের সঙ্গে আশরেফা জাহানের বিয়ে হয়।

মামলার তথ্য অনুযায়ী, ফ্ল্যাট কিনতে স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন নাজিম। কিন্তু টাকা দিতে না পারায় ২০২০ সালের মার্চ ও জুনের বিভিন্ন তারিখে স্ত্রীকে মারধর করেন তিনি। সে বছরের ১৭ আগস্ট স্ত্রী আশরেফা জাহান বাদী হয়ে আদালতে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন দেয়। ৯ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালে সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুস বলেন, আদালত আসামিকে এক বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। আপিল করার শর্তে আদালত তাকে জামিন দেন। মামলা চলাকালে নাজিম ও তার স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ হয় বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত